ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একহাত নিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ইরানের সঙ্গে পরমাণু চুক্তির বিষয়ে নেতানিয়াহুর সমালোচনা প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, “ভালো চুক্তি কল্পনা ছাড়া আর কিছু নয়।”

পিবিএস-কে দেয়া সাক্ষাতকারে জন কেরি বলেন, “ভালো চুক্তি নিয়ে বাইরের জগতে বহু রকমের কল্পনা রয়েছে। বাস্তবতা হচ্ছে গত চার বছর আমরা একটি সমঝোতায় আসার চেষ্টা করছিলাম যাতে রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও ইরানের সম্মতি ছিল। তবে কাজটা খুব সহজ নয়।”

নেতানিয়াহুর মতো সমালোচকদের মন্তব্য নাকচ করে জন কেরি বলেন, “ইরানের সঙ্গে এই দ্বন্দ্ব অবসানের একমাত্র উপায় ছিল কূটনৈতিক পন্থা অনুসরণ করা কারণ তেহরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা কার্যকরী ছিল না এবং নিষেধাজ্ঞার পক্ষের দেশগুলো আজ হোক কাল হোক তাদের সমর্থন প্রত্যাহার করে নিত।”

সমালোচনার জবাবে জন কেরি আরো বলেছেন, “তারা  সবাই বলে কেন নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে ধ্বংস করে দেয়া হচ্ছে না। আমি তাদেরকে বলি, এর কারণ হচ্ছে- নিষেধাজ্ঞার কারণে ইরান ধ্বংস হবে না। এটি প্রমাণ হয়েছে। আরো কারণ হচ্ছে- যারা ইরান-বিরোধী নিষেধাজ্ঞা সমর্থন করেছিল তাদের সমর্থন আমরা হারানোর মুখে ছিলাম।”

জন কেরি জোর দিয়ে বলেন, “ইরানের সঙ্গে আলোচনায় আমরা চার বছর ব্যয় করেছি। তাড়াহুড়ো করে এই চুক্তি করা হয় নি; এর মধ্যে এমন কিছু নেই যা শুধুমাত্র বিশ্বাসের ভিত্তিতে করা হয়েছে।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, “ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর আলোচনা এতটাই উত্তেজনাপূর্ণ ছিল যে, শেষ মুহূর্তে কয়েকটি কঠিন ইস্যু সবকিছুকে ভণ্ডুল করে দিতে পারত।”

ইআর