ইসরাইলের অহংকার ও অত্যন্ত ব্যয়বহুল আয়রন ডোম মিসাইল প্রযুক্তি দিন দিন হামাসের রকেট মোকাবেলায় চরমভাবে ব্যর্থ প্রমানিত হচ্ছে। হামাসের নিজস্ব তৈরি রকেট মোকাবেলায় ইসরাইলের সক্ষমতা ক্রমেই তলানিতে গিয়ে ঠেকেছে।
রোববার অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের ছোড়া ১২০টি রকেটের মধ্যে মাত্র ৮টি আকাশপথে ধ্বংস করতে পেরেছে ইহুদীবাদী শক্তি। দখলদার ইসরাইলের অধীনস্থ বিভিন্ন অঞ্চলে ১১০টি রকেটই সফলভাবে আঘাত হেনেছে বলে যায়নবাদী সেনা সূত্র স্বীকার করেছে, খবর প্রেসটিভি।
গাজায় ইসরাইলের নারকীয় হত্যাযজ্ঞ চালানোর মুহুর্তে যখন মার্কিন সিনেট ইসরাইলের আয়রন ডোম প্রযুক্তিখাতে অতিরিক্ত ২২৫ মিলিয়ন ডলার অর্থ বরাদ্দ অনুমোদন করেছে, তখনই এই প্রযুক্তির ব্যর্থতার একের পর এক ঘটনা ঘটে চলেছে।
গত মাসে মার্কিন প্রতিরক্ষা সচিব কংগ্রেস নেতৃবৃন্দের কাছে এক চিঠিতে ইসরাইলের আয়রন ডোম মিসাইল ব্যবস্থায় অতিরিক্ত ২২৫ মিলিয়ন ডলার অর্থ বরাদ্দের অনুরোধ জানান।

এই ২২৫ মিলিয়ন ডলার হবে বাড়তি অর্থ, যা ইতোমধ্যেই অনুমোদিত ৩৫১ মিলিয়ন ডলার বরাদ্দের সাথে যোগ হবে। এই অর্থ ২০১৫ সালের মধ্যে ইসরাইলকে প্রদান করার কথা রয়েছে।
অর্থাৎ ২০১৫ সালে ইসরাইলের আয়রন ডোম খাতে মোট ৫৭৬ মিলিয়ন ডলার অর্থ সহায়তা করবে আমেরিকা, যদিও ১ লা অক্টোবর থেকে শুরু হওয়া অর্থ-বছরের জন্য ইসরাইলকে এই খাতে ১৭৬ মিলিয়ন ডলার প্রদানে আমেরিকাকে অনুরোধ করেছিল পেন্টাগন।
ইসরাইলের এই আয়রন ডোম মিসাইল ৪ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জের রকেট বা এ জাতীয় যেকোন শেল প্রতিরোধ করতে সক্ষম।
গত ২৮ জুলাই সংখ্যাগরিষ্ঠ মার্কিন সিনেট নেতা হ্যারি রেইড বলেছেন, গাজা উপত্যকায় হামলা অব্যাহত রাখতে তেলআবিবের জরুরীভিত্তিতে ওয়াশিংটনের কাছ থেকে অর্থ সহায়তা লাগবে।
গত ৮ জুলাই থেকে দখলদার ইসরাইলি বাহিনী গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়ে শত শত বাড়ি ঘর মাটিতে মিশিয়ে দেয়। গণহত্যা চালায় সাধারণ নাগরিকদের ওপর। পরবর্তিতে ১৭ জুলাই থেকে অবরুদ্ধ গাজায় স্থল হামলাও শুরু করে যায়নবাদী ইহুদীরা।
গত ২৮দিনের ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ১৮২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, ৪০০ শিশুসহ যাদের বেশিরভাগই নারী ও বৃদ্ধ। আহত হয়েছেন আরও অন্তত ৯৪০০ ব্যক্তি।
এদিকে, ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পাল্টা প্রতিরোধে এ পর্যন্ত ৩জন বেসামরিক ইহুদীসহ ৬৪ইহুদীবাদী সেনা নিহতের কথা স্বীকার করেছে ইসরাইল। তবে হামাসের সামরিক শাখা ইজ্জদিন আল কাসসাম ব্রিগেডের দাবি তাদের হাতে অন্তত ১৫০ ইহুদীবাদী সেনা খতম হয়েছে।
ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেবি





