আমেরিকার হাওয়াই দ্বীপের পাহোয়া শহরকে ধীরে ধীরে গ্রাস করে ফেলছে আগ্নেয়গিরির সক্রিয় লাভা। শহরের কর্মকর্তারা সেখানকার বাসিন্দাদেরকে সম্ভাব্য স্থানান্তরের বিষয়ে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন।

লোকালয়ের দিকে দিন দিন সক্রিয় লাভা এগিয়ে আসার কারণে এ নির্দেশনা দেয়া হয়েছে।

গত ২৭ জুন শুরু হওয়া অগ্ন্যুৎপাতের ফলে কিলাউইয়া আগ্নেয়গিরি থেকে এ লাভা এরইমধ্যে পাহোয়ার প্রধান সড়কের কাছে পৌঁছে গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র এ কথা বলেছে। দ্বীপের সবচেয়ে বড় শহর হচ্ছে পাহোয়া।

শহরের কর্মকর্তারা বলছেন, লাভার ভেতরে ঝুঁকিপূর্ণ কোনো উপাদান দেখা গেলে অথবা লাভার গতি যদি মারাত্মক পার্যায়ে চলে যায় অর্থাৎ লাভার কারণে লোকজন স্বল্প সময়ের নোটিশে ঘর-বাড়ি ছাড়তে পারবে না এমন পর্যায়ে গেলে তখন শহর খালি করার জন্য বাধ্যতামূলক নোটিশ দেয়া হবে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানিয়েছে, ২০০০ ডিগ্রি ফারেনহাইট তাপসমৃদ্ধ লাভাতে রয়েছে গলিত পাথর যার গতিপথ ৫০ থেকে ৭০ মিটার চওড়া। আর প্রতি ঘণ্টায় লাভার গতি হচ্ছে ৯ মিটার।

হাওয়াই কাউন্টির সিভিল ডিফেন্স বিভাগের পরিচালক ড্যারিল অলিভিয়েরা জানিয়েছেন, তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছেন তবে অতটা মারাত্মক কিছু হবে না বলে আশা করছেন।

লাভা যদি মূল মহাসড়ক ও হাইওয়ে দখল করে ফেলে তাহলে লোকজনকে যাতে বিকল্প রাস্তায় সরিয়ে নেয়ার কাজ করা যায় জরুরি বিভাগ সে ব্যবস্থাও করে রেখেছে।

১৯৮৩ সাল থেকে অব্যাহতভাবে কিলাউইয়া আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হচ্ছে কিন্তু গত দু বছর লাভা তার গতিপথ পরিবর্তন করেছে এবং উত্তর-পশ্চিমের পাহোয়া শহরের দিকে ধাবিত হচ্ছে।

পরিস্থিতি বিবেচনায় হাওয়াই দ্বীপের গভর্নর মার্কিন প্রেসিডেন্টের কাছে জাতীয় দুর্যোগ ঘোষণার আবেদন করেছেন যাতে স্থানীয় জরুরি বিভাগের কর্মীরা কেন্দ্রীয় সরকারের সহায়তা পান।

 

ইআর