পূর্ব ইউরোপের দেশ লাটভিয়ায় ন্যাটো বাহিনীর ৭ দিনের সামরিক মহড়া চলছে। রাশিয়ার কথিত আগ্রাসনের মুখে বাল্টিক সাগরের তীরবর্তী সদস্য দেশগুলোর প্রতি প্রতিশ্রুতি প্রদর্শনই এ মহড়ার লক্ষ্য বলে জানিয়েছে ন্যাটো।
স্টেটফাস্ট জেভলিন-২ নামের এ মহড়া গত ২ আগস্ট শুরু হয়েছে। এতে সংকটময় পরিস্থিতিতে ন্যাটোর সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনের অনুশীলন চলবে।
আমেরিকাসহ ন্যাটোভুক্ত নয়টি দেশের প্রায় ২,০০০ সেনা এতে অংশ নিয়েছে। শুক্রবার রাতে রাজধানী রিগা থেকে ৬০ কিলোমিটার দূরে লেইলভারদা বিমানবন্দরে প্রায় ৫০০ ছত্রী সেনা অবতরণ করেছে।
এ সামরিক মহড়া সোমবার শেষ হবে। এরপর চলতি বছরের শরতের শেষ দিকে ন্যাটো আবার জার্মানি, নরওয়ে, ইউক্রেন এবং পোল্যান্ডে মহড়া চালাবে।
গত ১০ বছর ধরে আফগানিস্তানে সামরিক তৎপরতা চালানোর পর সদস্য দেশগুলোর প্রতিরক্ষার প্রতি আবার গুরুত্ব দেয়া শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো।
ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





