শিয়াভিত্তিক হুতি বিদ্রোহীদের সরবরাহের জন্য ইয়েমেনগামী অস্ত্রবোঝাই একটি ইরানী নৌযান আটকের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। একটি জেলে নৌকায় করে অস্ত্রগুলো পাচার করা হচ্ছিল বলে গত বুধবার উল্লেখ করা হয়েছে। খবর রয়টার্সের।

বিবৃতিতে বলা হয়েছে, নৌকাটিতে অবস্থানরত ১৪ ইরানী নাবিককে আটক করা হয়েছে। নৌকাটি থেকে ১৮টি এন্টি-আরমর্ড করকোর্স শেল, ৫৪টি এন্টি-ট্যাঙ্ক শেল, শেল-ব্যাটারি কিটস, ফায়ারিং গাইডেন্স সিস্টেম, লাঞ্চার ও বাইনোকুলারে ব্যবহৃত ব্যাটারি জব্দ করা হয়েছে।

বলা হয়েছে, ওমানের দক্ষিণাংশের সালালাহ থেকে ১৫০ মাইল দূরে গত শনিবার নৌকাটি আটক করা হয়। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান হুতি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করছে বলে বরাবরই অভিযোগ করে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট।

ইয়েমেনে ক্ষমতা দখলকারী হুতি বিদ্রোহীদের দমনে কয়েক মাস ধরে অভিযান চালিয়ে আসছে জোট। এর আগে দেশটির আন্তর্জাতিক স্বীকৃত সরকারের প্রেসিডেন্ট আবদ-রব্বু মনসুর হাদিকে হটিয়ে ক্ষমতা দখল করে হুতিরা।

কেএইচ