ইউরোপে বর্তমানে যে শরণার্থী সঙ্কট চলছে তা মধ্যপ্রাচ্য থেকে দলবদ্ধভাবে ইউরোপে যাওয়ার একটা অংশ মাত্র বলে মনে করেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট ডোনাল্ড তুস্ক। তার মতে, শরণার্থীদের দলগত যাত্রা শুরু হয়েছে মাত্র। এটা আরো কয়েক বছর ধরে চলতে পারে।

সোমবার ব্রুজেল ইনস্টিটিউটের থিংকট্যাঙ্কদের সঙ্গে আলোচনায় তুস্ক বলেছেন, "প্রধানত মধ্যপ্রাচ্য থেকে আসা মানুষের ঢল আগামী বছরগুলোতে অনেক সমস্যা সৃষ্টি করবে।"

তিনি বলেন, "বর্তমানে অভিবাসনের যে ঢল শুরু হয়েছে সেটা একবারের ঘটনা না। এটা আসল দলে দলে যাত্রার শুরু মাত্র।"

সিরিয়া ও ইরাকে যুদ্ধের ফলে হাজার হাজার শরণার্থীরা ঝুঁকি নিয়ে সমুদ্রপথ পাড়ি দিয়ে ইইউর ২৮টি দেশে প্রবেশ করছে। এটির যথাযথ সমাধান খুঁজে বের করতে হিমশিম খাচ্ছে ইউরোপের নেতারা।

তুস্ক বলেন, "আমাদের কাছে কোনো মায়া-মন্ত্র নাই যে একটি সিলভার বুলেটের মাধ্যমে পরিস্থিতি পাল্টে দিব।"

তুস্ক ইইউ'র সদস্য রাষ্ট্রগুলোকে আরো বাস্তববাদী হতে অনুরোধ করছেন এবং এই সঙ্কট নিরাসনে তাদের মধ্যকার পার্থক্যগুলো দূরে ঠেলে দিতে বলেছেন।

জেডআই