ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রিপুরা সফরের আগে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে আগরতলা রেলস্টেশন থেকে ওই যুবককে আটক করা হয়।
আটক যুবকের নাম নরেশ চাকমা (৪২)। তাঁর কাছ থেকে তিনটি পিস্তল ও ৫০০টি গুলি উদ্ধার করা হয়।
আজ ত্রিপুরায় নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৮ ফেব্রুয়ারি সিপিএম-শাসিত ত্রিপুরায় ৬০ সদস্যের রাজ্য বিধানসভার ভোট। আজ দুটি নির্বাচনী সভায় যোগ দেবেন মোদি। প্রধানমন্ত্রীর আগমনের আগে আগরতলা রেলস্টেশন থেকে গুলি-বন্দুক-সহ এক ব্যক্তি গ্রেপ্তার হওয়ায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
রেল পুলিশের উপপরিদর্শক (এসআই) দিলীপ দাস সাংবাদিকদের জানান, সকালে দিল্লি থেকে ত্রিপুরাগামী সুন্দরী এক্সপ্রেস আগরতলায় প্রবেশ করতেই গোপন তথ্যের ভিত্তিতে নরেশ চাকমাকে আটক করে পুলিশ। তাঁর কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এক সময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএলএফটি-র সক্রিয় সদস্য ছিল নরেশ। অস্ত্র নিয়ন্ত্রণ আইনে আগেও ধরা পড়ে। এদিন সে আসামের লামডিং থেকে আগরতলা আসছিল। জেরায় এই অস্ত্র ও গুলি বাংলাদেশে পাচারের উদ্দেশে ছিল বলে জানান তিনি।
এসএম





