ফিলিস্তিনের ‘ইসলামি জিহাদ আন্দোলন’ জানিয়েছে, ইসরাইল যুদ্ধবিরতি সংক্রান্ততাদের দাবি মেনে নেয়ায় গাজা উপত্যকা থেকে তারা ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে দিয়েছে।

ইসরাইল এবং জিহাদ আন্দোলনের মধ্যকার গত দু’দিনের সংঘর্ষ বন্ধের ব্যাপারে মিশর যে উদ্যোগ নিয়েছিল তাতে জিহাদ আন্দোলন তিনটি শর্ত দিয়েছিল।

শর্তগুলো হলো- গাজা সীমান্তে ফিলিস্তিনিরা যে বিক্ষোভ-প্রতিবাদ করে আসছে তাতে ইসরাইল কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে না, সব ধরনের টার্গেট কিলিং বন্ধ এবং গাজা উপত্যকার উপরে তেল আবিব যে অবরোধ দিয়ে রেখেছে তা শিথিল করতে হবে।

আজ (১৪ নভেম্বর) বৃহস্পতিবার সকালে জিহাদ আন্দোলনের মুখপাত্র মুসাব আল-ব্রাইম যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভোর সাড়ে ৫ টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

ব্রাইম জানান, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের যোদ্ধাদের ওপর টার্গেটেড কিলিং এবং গাজা সীমান্তে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর আগ্নেয়াস্ত্র ব্যবহার বন্ধের ব্যাপারে দুটি শর্ত মেনে নিয়েছে তেল আবিব।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, মিশরের মাধ্যমে তারা ইসরাইলের কাছে যুদ্ধবিরতির শর্ত তুলে ধরেছিলেন।

এর আগে মিশরের কয়েকটি সূত্র বলেছিল, কায়রোর প্রচেষ্টায় যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে এবং জিহাদ আন্দোলনসহ ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো তা অনুমোদন করেছে। তবে ইসরাইলের পক্ষ থেকে যুদ্ধবিরতির ব্যাপারটি এখনো নিশ্চিত করা হয় নি।

ইরানের প্রেস টিভি জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ইহুদিবাদী ইসরাইলের দক্ষিণাঞ্চলে সাইরেন বাজানো হয়।

এমবি