ইরাকের আলোচিত সুন্নী বিদ্রোহী গ্রুপ ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্যা লেভান্ট (আইএসআইএল)-এ নতুন করে প্রায় এক হাজার যোদ্ধা যোগ দিয়েছেন। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে ওয়ার্ল্ডবুলেটিন।
নতুন করে যোগ দেয়া এসব যোদ্ধাদের মধ্যে রয়েছে সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠীর সদস্য। এ ছাড়া ইরাকের ইদলিব শহরকেন্দ্রিক দাঊদ ব্রিগেড নামের একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরাও রয়েছেন।
দাঊদ ব্রিগেডের কয়েক'শ যোদ্ধা প্রায় শ'খানেক সামরিক যান ও দশটি ট্যাঙ্ক নিয়ে আইএসআইএল-এর সাথে যোগ দিয়েছে। তারা সামরিক যান ও ট্যাঙ্ক নিয়ে আইএসআইএল-এর শক্ত ঘাঁটি রাক্কাতে পৌঁছেছে বলে জানা গেছে।
ইরাকের মসুলসহ উত্তরাঞ্চলীয় বিশাল এলাকা দখলে নেয়ার পর চমক লাগিয়ে দেয় আইএসআইএল। এরই পরিপ্রেক্ষিতে সিরিয়া ও ইরাকের অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোও আইএসআইএল-এর প্রতি আকৃষ্ট হয়। এজন্যই অনেক যোদ্ধাই আইএসআইএল-এ নতুন করে যোগ দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
গত মাসে সিরিয়ার সরকার বিরোধী সশস্ত্র গ্রুপ নুসরা ফ্রন্টও গত মাসে আইএসআইএল-এর সাথে যোগ দিয়েছে। আল কায়েদা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্ট সিরিয়ার সরকার বিরোধী যুদ্ধে অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করছে। এক সময় আইএসআইএল ও নুসরা ফ্রন্টের মধ্যে বিরোধ দেখা দিলেও গতমাসে তারা তা মিটিয়ে ফেলে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ