সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে রাডার ফাঁকি দিতে সক্ষম হেলিকপ্টার তৈরি করছে ইরান। একজন সিনিয়র সেনা কর্মকর্তা এ খবর জানিয়ে বলেছেন, প্রতিরক্ষা শিল্পে উত্তরোত্তর সাফল্যের ধারাবাহিকতায় এ হেলিক্প্টার নির্মাণ করা হচ্ছে।
ইরানের হেলিকপ্টার্স লজিস্টিক্স অ্যান্ড রিনোভেশন অর্গানাইজেশন বা আইএইচএলআরও’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আলী আহমাদাবাদি এ খবর জানিয়েছেন।
তিনি বলেছেন, “পুরনো হেলিকপ্টারগুলো সংস্কারের পাশাপাশি প্রতিরক্ষা খাতে আগামী দিনের প্রয়োজনের কথা বিবেচনা করে নতুন তিন মডেলের হেলিকপ্টারের ডিজাইন সম্পন্ন করেছে আইএইচএলআরও। এই তিন মডেলের মধ্যে একটি হেলিকপ্টার শত্রুর রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে পারবে।”
জেনারেল আহমাদাবাদি বলেন, "১৪ আসনের মাঝারি-ভারী ‘হোমা’ হেলিকপ্টারটি রাডার ফাঁকি দিতে সক্ষম এবং এতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহন ও নিক্ষেপ করার ব্যবস্থা রয়েছে।
সেইসঙ্গে দুই ইঞ্জিনবিশিষ্ট ৮ আসনের ‘সাবা’ হেলিকপ্টার নৌবাহিনীর জন্য তৈরি করা হলেও এটি দিয়ে দুর্যোগের মুহূর্তে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানো যাবে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তৃতীয় হেলিকপ্টারটি সামরিক প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হবে।"
সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে ইরান স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। নিজের প্রয়োজন মিটিয়ে বিশ্বের বহু দেশের কাছে সমরাস্ত্র রপ্তানি করছে তেহরান। ইসলামি প্রজাতন্ত্র ইরান বহুবার বলেছে, তার প্রতিরক্ষা সক্ষমতা প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি মুসলিম বিশ্বের জন্য কোনো হুমকি সৃষ্টি করছে না বরং নিছক আত্মরক্ষার স্বার্থে প্রতিরক্ষা ক্ষমতা শক্তিশালী করছে তেহরান। সূত্র: আইআরআইবি
ঢাকা, ০৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





