ত্রিপোলি থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে কোমাসের কাছে ডুবে যাওয়া নৌকাটি ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিল তিন শতাধিক আরোহী নিয়ে। যাদের মধ্যে ৫৫ অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। এদের অধিকাংশই সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলের বাসিন্দা। অন্যদের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে বলেও জানান লিবিয়া রেড ক্রিসেন্টের ।

রেড ক্রিসেন্টের সদস্য আবদুল মেনাম আবু সাবায় জানান,  এককভাবে উদ্ধার অভিযান চালানোর মতো যথেষ্ট সক্ষমতা আমাদের নেই। স্থানীয়রা তাদের নিজেদের জলযান নিয়ে উদ্ধার অভিযানে আমাদের সহায়তা করছে। ব্যাগের ভেতরে ভরা লাশগুলো একটি হ্যাঙ্গারে রাখা হয়েছে।

নিরাপত্তা কর্তৃপক্ষগুলোর অনুমতি পেলেই আমরা তাদের কবর দেব। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিশ্চিত হলে চলতি বছরে এটিই হবে ভূমধ্যসাগরে শরণার্থী নৌকাডুবিতে সবচেয়ে বেশি লোকের মৃত্যুর ঘটনা।

এ নৌকাডুবির ঘটনাকে চলতি বছরে ‘ভূমধ্যসাগরের সবচেয়ে শোচনীয় ঘটনা’বলে বর্ণনা করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

চলতি বছরের প্রথম চার মাসে ভূমধ্যসাগরের এ রুটে প্রায় ১৬৪ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। লিবিয়া থেকে ইউরোপে পাড়ি দিতে গিয়ে প্রতি বছর শত শত শরণার্থী এমন দুর্ঘটনার শিকার হয়ে মারা যাচ্ছে। খবর রয়টার্সের।

এসএম