ব্রিটেনে করোনাভাইরাসে বাংলাদেশি একজন চিকিৎসকের মৃত্যুর প্রায় তিন সপ্তাহ পর তার ছেলে সরকারের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করতে দেশটির স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই বাংলাদেশি চিকিৎসকের ছেলের নাম ইনতিসার চৌধুরী।
আঠারো বছর বয়সী ইনতিসার চৌধুরী বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী ক্ষমা চাইলে ব্রিট্শি সরকারের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে। তার পিতা আব্দুল মাবুদ চৌধুরী দেশটির জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা বা এনএইচসের একজন চিকিৎসক ছিলেন এবং এপ্রিলের প্রথম সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পূর্ব লন্ডনের একটি হাসপাতালে মারা যান।
ব্রিটেনে সরকারি হিসেবে অন্তত ৮২ জন এনএইচএস কর্মী ও ১৬ জন কেয়ার ওয়ার্কার করোনাভাইরাসে মারা গেছেন। ডা. চৌধুরী তার মৃত্যুর আগে স্বাস্থ্য কর্মীদের ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী বা পিপিইর অভাবের বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সতর্ক করে দিয়েছিলেন।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বর্তমান সঙ্কটে ডাক্তার, নার্সসহ ফ্রন্টলাইন কর্মীদের কাজের প্রশংসা করে বলেছেন, সমস্যার সমাধানে তারা সর্বক্ষণ কাজ করে চলেছেন।
ইনতিসার চৌধুরী বলেন, “ভাইরাসটি মোকাবেলা করতে গিয়ে যেসব ভুল হয়েছে তা স্বীকার করুন। এটা কোনো দোষ স্বীকার নয়। এতে আপনি আরো বেশি মানবিক হয়ে উঠবেন।”
তিনি আরও বলেন, “আজকের সংবাদ সম্মেলনের সময় আপনি কি দয়া করে আমার জন্য জনগণের কাছে এই ক্ষমাটুকু চাইতে পারবেন?”
এর জবাবে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী হ্যানকক বলেছেন, ফ্রন্টলাইনে যারা কাজ করছেন পরিস্থিতি উন্নয়নে তাদের কথা শোনা খুবই গুরুত্বপূর্ণ। তথ্য সূত্র- বিবিসি
এমবি





