গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শহিদ (৪৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শহিদের মৃত্যুতে শ্রীপুর পৌরসভায় মেয়র পদের নির্বাচনী কার্যক্রম বাতিল করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা।
শ্রীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আবুল কালাম আজাদ জানান, প্রায় ১৫ দিন আগে শ্বাসকষ্ট ও করোনা পজিটিভ হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে সবশেষ গত সোমবার দুপুরে তাঁকে ঢাকার হাই কেয়ার হাসপাতাল থেকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী ছিলেন শহিদুল্লাহ শহিদ। তিনি শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মাওনা চৌরাস্তা এলাকার মৃত হাজি ইয়াকুব আলী মাস্টারের ছেলে।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ জানান, শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বিধি অনুযায়ী কেবল ওই পদের নির্বাচনী কার্যক্রম বাতিল করে আজ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে অন্যান্য পদে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। পরে ওই মেয়র পদে তারিখ ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এম শামসুজ্জামান জানান, শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠার পর এটি হবে চতুর্থ নির্বাচন। পৌরসভার মোট আয়তন ৪৬.৯৭ বর্গ কিলোমিটার। মোট জনসংখ্যা দুই লাখ ৬০ হাজারের মধ্যে প্রায় অর্ধেক নারী। ভোটার সংখ্যা ৬৭ হাজার ৯৩৫ জন। এর মধ্যে পুরুষ ৩৩ হাজার ৮৩২ ও নারী ৩৪ হাজার ১০৩ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২৬টি। পৌরসভায় তিনটি সংরক্ষিত ওয়ার্ড এবং নয়টি সাধারণ ওয়ার্ড রয়েছে।
শ্রীপুর পৌরসভা নির্বাচনে তিন প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী শহিদুল্লাহ শহিদ ছাড়াও আওয়ামী লীগ মনোনীত গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান আনিছ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরহাদ আহমেদ মোমতাজী রয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী ১০ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার, ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল।
এমআর





