ইরাকে আইএস (ইসলামিক স্টেট) দমনে আরও ১৫০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার এর অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

পেন্টাগনের দেওয়া এক বিবৃতিতে শুক্রবার বলা হয়েছে, মাঠে আমাদের মিত্রদের শক্তিশালী করতে আরও ১৫০০ সেনা পাঠানোর বিষয়ে প্রেসিডেন্ট আজ (শুক্রবার) অনুমোদন দিয়েছেন। ওই সেনারা কুর্দি বাহিনীসহ ইরাকী নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষন, সহায়তা ও পরামর্শ প্রদান করবে।

পেন্টগনের ম্যানেজমেন্ট ও বাজেট বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ওবামা প্রশাসন দেশটির কংগ্রেসের কাছে ইরাক ও সিরিয়া অভিযানের জন্য আরও ৫৬০ কোটি ডলার চাইবে।

নতুন করে ইরাকে মার্কিন সৈন্য মোতায়েনের মধ্য দিয়ে দেশটিতে অবস্থানরত মার্কিন সৈন্যের সংখ্যা দ্বিগুণ হবে।

এদের মধ্যে অনেককেই আনবার প্রদেশে পাঠানো হবে। সৈন্যরা তিনটি পেশমার্গা বাহিনীর বিগ্রেডসহ ইরাকী প্রায় ১২টি বাহিনীকে প্রশিক্ষণ দেবে।

হোয়াইট হাউজ মুখপাত্র জোস আর্নেস্ট বলেন, আমাদের সৈন্যরা যুদ্ধ করবে না, ইরাকি সৈন্যদের আইএস'র বিরুদ্ধে শক্ত অবস্থানে থেকে যুদ্ধ করতে শিখাবে। সৈন্যরা দুটি অংশে বিভক্ত থাকবে প্রথমটি "উপদেষ্টা" অপরটি" অপারেশন সহকারী"।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেনাদের পাঠানো হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ।সূত্র: বিবিসি

ইআর