রাশিয়ার অত্যাধুনিক বহুমুখী পরমাণু ডুবোজাহাজ 'কাজান’কে পানিতে নামানো হয়েছে। এদিকে সাগরে টহল দেয়ার ক্ষেত্রে রুশ নৌবাহিনী সাবেক সোভিয়েত আমলের পর্যায়ে পৌঁছেছে। রুশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ভ্লাদিমির কোরোলেভে এ কথা জানিয়েছেন।
রাশিয়ার উত্তরাঞ্চলীয় বন্দর সেভারোদভিসিস্কে ইয়াসেন এম শ্রেণির ডুবোজাহাজ কাজানের পানিতে নামানোর অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।
সাগরে পরীক্ষা শেষ করার পর ২০১৮ সালে রুশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে কাজান। এ ছাড়া, একই শ্রেণির আরো চার ডুবোজাহাজ ২০২৩ সালের মধ্যে তৈরি করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রুশ নৌবাহিনীর প্রচলিত ডুবোজাহাজ বাহিনীর পুরনো 'আকুলা শ্রেণির ডুবোজাহাজের স্থলাভিষিক্ত হবে ইয়াসেন এম শ্রেণি। আকুলা শ্রেণিকে রুশ নৌবাহিনীর আক্রমণের কাজে ব্যবহারযোগ্য প্রধান ডুবোজাহাজ হিসেবে গণ্য করা হয়।
এদিকে, রাশিয়ার ক্রমবর্ধমান অত্যাধুনিক ডুবোজাহাজ বহর নিয়ে গভীর উদ্বেগে পড়েছে আমেরিকা। গত বছর মার্কিন ৬ষ্ঠ নেৌবহরের কমান্ডার ভাইস অ্যাডমিরাল তৃতীয় জেমস ফোগো দেশটির ন্যাভাল ইন্সটিটিউট ম্যাগাজিনে এ প্রসঙ্গে লিখেছিলেন, সমুদ্রে ন্যাটোর প্রাধান্যকে চ্যালেঞ্জে ফেলে দিয়েছে রাশিয়ার অত্যাধুনিক ডুবোজাহাজ বহর।
টাইমনিউজ.নেট/ মাহমুদ





