ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদ। করোনা বিধিনিষেধের মধ্যে সহকারীকে চুমু খাওয়ার ঘটনায় পদত্যাগ করা ম্যাট হ্যানককের স্থলাভিষিক্ত হলেন সাজিদ জাভিদ। গতকাল শনিবার (২৬ জুন) প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ম্যাট হ্যানকক।
গত ৬ মে যুক্তরাজ্যের দৈনিক দ্য সান-এ একটি ছবি প্রকাশিত হয়। সেখানে দেখা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক গিনা কোলাডঅ্যাঞ্জেলোকে জড়িয়ে ধরে তার গালে চুমু দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। ছবিটি মন্ত্রণালয়ের ভেতর থেকে তোলা হয়, যা ছিল সিসিটিভির ছবি। ছবি প্রকাশের পর তারা দু’জনেই দুঃখ প্রকাশ করেছিলেন।
সংবাদ মাধ্যমে ছবি প্রকাশের পর দেশটির লেবার পার্টি থেকে শুরু করে অনেকে তার পদত্যাগের দাবি তুলেন। তারা দাবি করেন, করোনা বিধিনিষেধ আইন প্রণয়নের সঙ্গে যুক্ত ছিলেন ম্যাট হ্যানকক। আর তিনিই সেই আইন ভঙ্গ করেছেন, যা গুরুতর অপরাধ। দেশের উচ্চপদস্থ একজন কর্মকর্তা হিসেবে তার পদত্যাগ করা উচিত।
ম্যাট হ্যানকক এ ঘটনার জেরে শনিবার প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে পদত্যাগপত্র দেন তিনি। পরে প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় জানায়, ম্যাট হ্যানককের পরিবর্তে সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদ দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। সাজিদ জাভিদ নিজেও টুইটারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার কথা নিশ্চিত করেন।
গত বছর তার রাজনৈতিক উপদেষ্টাকে বরখাস্ত করা নিয়ে বরিস জনসনের সঙ্গে বিরোধের জেরে অর্থমন্ত্রীর পদত্যাগ করেন সাজিদ জাভিদ। আবার তাকেই মন্ত্রণালয়ে ফিরিয়ে আনলো বরিস জনসনের সরকার। তথ্যসূত্র: রয়টার্স।
এইচএন





