আল আকসা মসজিদে ইহুদিদের প্রবেশকে কেন্দ্র করে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি নামাজিদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবারের এ সংঘর্ষে অন্তত ২০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। খবর প্রেস টিভির।
আল আকসার ভিতরে ঢুকে ইসরায়েলি বাহিনী প্লাস্টিক গুলি, টিয়ারশেল ও গ্রেনেড নিক্ষেপ করেছে। সংঘর্ষের পর ইসরায়েলি সেনারা মসজিদের সবগুলো ফটকের সামনে ব্যারিকেড দিয়ে মুসল্লিদের মসজিদে প্রবেশে বাধা সৃষ্টি করে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে পূর্ব জেরুজালেমে মুসলমানদের অতি পবিত্র এই মসজিদকে কেন্দ্র করে ইসরায়েলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ ব্যাপক রূপ ধারণ করেছে।
ফিলিস্তিনিদের অভিযোগ, তেলআবিব স্থিতিশীল অবস্থাকে পরিবর্তন এবং আল কুদসকে ইহুদিভাবাপন্ন করার পরিকল্পনা করছে।
আল আকসা মসজিদ কম্পাউন্ড মুসলমানদের পবিত্র একটি স্থান, যা ইসরায়েলি দখলে থাকা পূর্ব জেরুজালেমে অবস্থিত। মসজিদ কম্পাউন্ডটি ইহুদিদের কাছেও অতি পবিত্র স্থান, যা তাদের কাছে ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত।
ইসলামে পবিত্র স্থানগুলোর মধ্যে আল আকসা মসজিদ তৃতীয় পবিত্রতম। শীর্ষে রয়েছে, সৌদি আরবের মক্কার মসজিদে হারাম এবং দ্বিতীয় অবস্থানে আছে মদীনার মসজিদে নববী।
এআর, এমএ





