নারীদের জন্যে বিশেষভাবে তৈরি রিভলবার বাজারে ছেড়েছে ভারত সরকার। যৌন নির্যাতন থেকে বাঁচতে নারীদের জন্যে এই হালকা ওজনের রিভলবার ছাড়া হলো বাজারে। 'নির্ভীক' নামের এই রিভলবারের দাম পড়বে ভারতীয় মুদ্রায় এক লাখ ৪০ হাজার রুপি।
বাজারে আসার প্রথম দিন ৪৫০টি অর্ডার এসেছে রিভলবার কেনার। কিন্তু রিভলবারটি নারীদের জন্যে তৈরি করা হলেও ৪৫০টি অর্ডারের মধ্যে মাত্র ২৮টি অর্ডার করেছেন নারীরা, বাকিগুলো পুরুষেরা করেছেন।
রিভলবারটি তৈরি করেছে কানপুরে অবস্থিত রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি অস্ত্র কারখানা। ২০১২ সালে রাজধানী নয়াদিল্লিতে এক মেডিকেল ছাত্রীকে চলন্ত বাসে গণধর্ষণের পর ফেলে দিয়ে হত্যার পরই এ পরিকল্পনা নেয়া হয়। এই ঘটনার পর ভারতে নারীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দেয়। কিন্তু এরপরও প্রায়ই লোমহর্ষক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে দেশটিতে। মাত্র গত সপ্তাহেই পশ্চিমবঙ্গে ৭২ বছরের বৃদ্ধা এক খ্রিস্টান নানকে গণধর্ষণ করেছে ৮ দুর্বৃত্ত।
তবে, রিভলবারের যে দাম, তাতে অধিকাংশ ভারতীয় নারীই এটি কিনতে সমর্থ হবেন না বলে জানানো হয়েছে। রিভলবারের এই দামকে নিষ্ঠুর কৌতুক বলেও উল্লেখ করছে বিভিন্ন নারী সংগঠন। সূত্র: ডন
এমএ





