আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের কপালে গুলি করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক নেভি সিল কমান্ডো রবার্ট ও’নিল।

গতকাল বৃহস্পতিবার দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকায় ৩৮ বছর বয়সী এই সাবেক কমান্ডোর পরিচয়ের সঙ্গে এ তথ্য প্রকাশ করা হয়।

আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনের গোপন আস্তানায় অভিযান চালানো মার্কিন কমান্ডো দল নেভি সিলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মন্টানার বাসিন্দা ও’নিল।

ও’নিল দাবি করেন, ওসামার শয়নকক্ষের অভিযানে থাকা দলটির দ্বিতীয় অবস্থানে ছিলেন তিনি। তাঁর সামনে থাকা সিল সদস্যের ছোড়া গুলিটি লক্ষভেদে ব্যর্থ হয়। তাঁকে পাশ কাটিয়ে ও’নিল সামনে আসেন।

শয়নকক্ষের ভেতরে ওসামা দাঁড়ানো অবস্থায় ছিলেন। তাঁর দুই হাত ছিল এক নারীর কাঁধে। ওই নারীকে তিনি সামনে ঠেলে দিচ্ছিলেন।

ও’নিলের দাবি, কক্ষটি অন্ধকারাচ্ছন্ন থাকা সত্ত্বেও অন্ধকারে দেখার মতো যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে তিনি ওসামাকে পরিষ্কারভাবে চিনে নিতে পারেন এবং গুলি করেন। তাঁর ছোড়া গুলিতে আল-কায়েদাপ্রধানের মাথার খুলি ফেটে যায়। নিহত হন ওসামা।

ইআর