তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আসন্ন বৈঠকে মস্কোর কাছ থেকে অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে আলোচনা করবেন।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইশিক এই খবর জানিয়ে বলেছেন, আগামী ৩ মে পুতিনের সাথে বৈঠকে এ বিষয়টি তুলবেন এরদোগান। দুই দেশের প্রেসিডেন্টদের মধ্যে বৈঠকের পর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার ব্যাপারে একটি যৌথ সিদ্ধান্ত গৃহিত হবে বলে ইশিক আশা প্রকাশ করেন।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী বলেন, এ ব্যাপারে আরো তথ্য পরবর্তীতে জানানো হবে। এর আগে শুক্রবার ইশিক জানিয়েছিলেন, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার ব্যাপারে আঙ্কারা ও মস্কোর মধ্যকার আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ পৌঁছেছে।

আরো আগে গত ফেব্রুয়ারিতে ইশিক ঘোষণা করেছিলেন, রাশিয়ার কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে; তবে অচিরেই এ সংক্রান্ত চুক্তি হয়ে যাচ্ছে ভাবলে ভুল হবে।

মার্কিন সরকার ২০১৫ সালে তুরস্কের সিরিয়া সীমান্ত থেকে ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিলে নিজস্ব উদ্যোগে এই ব্যবস্থা সংগ্রহের দিকে ঝুঁকে পড়ে আঙ্কারা। প্রথমে তুরস্ক নিজ দেশেই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ করবে বলে ঘোষণা করে।

কিন্তু পরবর্তীতে দেশটি চীনের কাছ থেকে ৩৪০ কোটি ডলার ব্যয়ে এফডি-২০০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত ঘোষণা করে। কিন্তু ২০১৬ সালে আঙ্কারা জানায়, চীন তুরস্ককে এই ব্যবস্থা সরবরাহে অস্বীকৃতি জানিয়েছে। এরপরই তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার জন্য আলোচনা শুরু করে।

এমএনজে