পশ্চিমবঙ্গের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকালে ফার্মেসিতে লাগা আগুন ঘিরে ব্যাপক আতঙ্ক তৈরি হয়।
সকাল ৮টা নাগাদ হাসপাতালের নিরাপত্তা রক্ষী এবং রোগীর পরিজনরা প্রথম ধোঁয়া দেখতে পান এমসিএইচ বিল্ডিংয়ে।
সেই আগুনের উৎস বোঝার আগেই গাঢ় ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালজুড়ে। আতঙ্ক শুরু হয়ে যায় রোগী এবং তাদের আত্মীয়দের মধ্যে। এমসিএইচ বিল্ডিংয়ে রয়েছে কার্ডিওলজি, আইসিইউ, পুরুষ এবং মহিলাদের মেডিসিন বিভাগের ওয়ার্ড।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালের নিরাপত্তা কর্মীরা প্রথমে আগুন নেভানেোর কাজ শুরু করেন। ঘটনাস্থলে প্রথমে দমকলের চারটি টেন্ডার পৌঁছয়। পরে পরিস্থিতির গুরুত্ব বুঝে আরও ছয়টি টেন্ডার আনা হয়। কিন্তু ততক্ষণে গোটা হাসপাতাল চত্বর প্রচণ্ড ধোঁয়াতে ঢেকে যায়।
সেই ধোঁয়া বিভিন্ন ওয়ার্ডে ঢোকা শুরু হয়। অসুস্থ হয়ে পড়তে শুরু করেন রোগীরা। এদের অনেকেরই অক্সিজেন চলছিল। তড়িঘড়ি হাসপাতাল কর্মী এবং দমকল কর্মীরা সেই সমস্ত রোগীদের একটা বড় অংশকে ওয়ার্ড থেকে নীচে নামিয়ে আনেন। এই কাজে হাতে হাত লাগান রোগীর আত্মীয়রাও।
রোগীদের নামিয়ে আনার সময় অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত স্ট্রেচারও পাওয়া যায়নি। চাদরে করে রোগীদের নিয়ে আসতে দেখা যায়। তাদের খোলা আকাশের নিচে মাটিতে চাদর পেতে রাখা হয়।
প্রাথমিকভাবে দমকল সূত্রে জানা গেছে, এমসিএইচ বিল্ডিংয়ে কোনও ওষুধের কাউন্টারে আগুন লেগেছে। বেশি ধোঁয়া থাকায় দমকল কর্মীরাও ভেতরে ঢুকতে পারছিলেন না। পরে গ্যাস মাস্ক পরে তারা বিল্ডিংয়ের ভেতরে ঢোকেন। এখনও আগুন নেভানোর কাজ চলছে। ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরাও।
জেড





