মিশরের সিনাই উপদ্বীপে রাশিয়ার যাত্রীবাহী এয়ারবাস এ-৩২১ বিমান বিধ্বস্তের বিষয়ে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’এর দাবি নাকচ করে দিয়েছেন মিশরের প্রধানমন্ত্রী শরীফ ইসমাইল। বিমানটি রুশ বিমান সংস্থা কোগালিমাভিয়া এয়ারলাইন্সের ছিল।

গতকাল কোগালিমাভিয়া এয়ারলাইন্সের এয়ারবাস এ-৩২১ মিশরের সিনাই উপদ্বীপে বিধ্বস্ত হয়ে ২২৪ আরোহীর সবাই মর্মান্তিক ভাবে নিহত হয়েছেন। বিমানটিতে ১৭ শিশুসহ ২১৭ জন যাত্রী এবং ৭ জন ক্রু ছিল। আরোহীদের সবাই রাশিয়ার নাগরিক বলে মিশরের রুশ দূতাবাস জানিয়েছে।

মিশরের প্রধানমন্ত্রী বলেন, কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হতে পারে। এদিকে বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে এবং বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। মিশরের নেতৃত্বাধীন দুর্ঘটনার তদন্তে রুশ এবং ফরাসি তদন্তকারীরা যোগ দিয়েছেন। এ ছাড়া এয়ারবাস কোম্পানির বিশেষজ্ঞরা এতে অংশ নিচ্ছেন। এয়ারবাস কোম্পানির সদর দফতর ফ্রান্সে অবস্থিত।

কোগালিমাভিয়া এয়ারলাইন্সের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। বিমান পরিচালনা আইন না মানার দায়ে এ মামলা হয়। পুলিশ বিমান কোম্পানির অফিসে তল্লাসি চালিয়েছে।

কিন্তু এ বিমান সংস্থার মুখপাত্র দাবি করেছেন, ১৮ বছরের পূরানো বিমানটি আকাশে ওড়ার জন্য শতভাগ উপযোগী ছিল। এ ছাড়া বিমানের পাইলটের ১২ হাজার ঘণ্টা ওড়ার অভিজ্ঞতা ছিল বলেও জানান তিনি।

এদিকে, সিনাই উপদ্বীপের ওপর দিয়ে এমিরাত, ফ্রান্স এয়ার এবং লুফথানসা বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আরো তথ্য না পাওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবত থাকার কথা জানিয়েছে এ তিন এয়ারলাইন্স। সূত্র: রেডিও তেহরান।

ইআর