আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ৫টি রকেট নিক্ষেপ করা হয়েছে।

আজ সোমবার ( ৩০ আগস্ট ) সকালে এই রকেট হামলা চালানো হয় বলে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন বিমানবন্দরে নিযুক্ত এক মার্কিন কর্মকর্তা।

তিনি জানান, হামলার পরিপ্রেক্ষিতে রকেট প্রতিরক্ষা ব্যবস্থা সি-র্যাম ডিফেন্স সিস্টেম চালু করা হয়। পাশাপাশি আরও জানান, হামলার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ওই কর্মকর্তা বলেন, উগ্রবাদী সংগঠন আইএস এই হামলা চালাতে পারে বলে ধারণা করছেন তবে সতর্কতার জন্য এখনই এটি নিশ্চিত করতে পারছেন না তিনি।

এদিকে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজে জানানো হয়, ৩০ আগস্ট ( সোমবার ) সকালে কাবুল বিমানবন্দরে কয়েক দফা রকেট হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খবরে জানানো হয়, কাবুলের খাইর খানা এলাকায় একটি গাড়ি থেকে বিমানবন্দর লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

তবে হামলাকারীদের পরিণতি সম্পর্কে খবরে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, গতকাল রোববার ( ২৯ আগস্ট ) কাবুল বিমানবন্দরের কাছে খাজা বুগরা এলাকায় এক রকেট হামলা চালানো হয়। হামলায় ৬ শিশুসহ মোট ৯ জন নিহত হয়।

তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর গত বৃহস্পতিবার হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ১ আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সৈন্যসহ মোট ১৭৫ জন নিহত ও ২ শ'র বেশি লোক আহত হয়।

হামলার জন্য উগ্রবাদী সংগঠন আইএস দায় স্বীকার করেছিলো। তথ্যসূত্র : সিএনএন ও তোলো নিউজ।

এইচএন