সম্প্রতি ইউক্রেনের মিসাইল হামলায় অন্তত ৮৯ জন রুশ সেনার মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে দেশের ভিতরে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
নববর্ষের দিন ইউক্রেনে ড্রোন হামলা চালিয়েছিল রাশিয়া। পাল্টা জবাবে মঙ্গলবার পূর্ব ইউক্রেনের দনেৎস্ক অঞ্চলে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জমি মাকিইভকায় আক্রমণ চালায় জেলেনস্কির সেনা। তাতে রাশিয়ার অন্তত ৮৯ জন সেনা নিহত হয়েছেন। দেশবাসীর চাপে ক্রেমলিন বাধ্য হয়েছে ওই মৃত্যুর খবর প্রকাশ করতে। প্রকাশ্যে ওই সেনাদের জন্য প্রার্থনাও হয়েছে রাশিয়ায়।
ইউক্রেন যুদ্ধে এখনো পর্যন্ত কতজন রাশিয়ার সেনার মৃত্যু হয়েছে, তা স্পষ্ট করেনি রাশিয়া। একেবারে গোড়ার দিকে দুইএকবার সংখ্যা বললেও, গত কয়েক মাসে এ বিষয়ে কখনো কোনো মন্তব্য করেনি রাশিয়া। তবে মঙ্গলবার তারা সেনা-মৃত্যুর কথা বলতে বাধ্য হয়েছে।
আমেরিকার দেয়া হাইমার রকেট নিয়ে মাকিইভকায় আক্রমণ চালায় ইউক্রেন। সেখানে একটি ভোকেশনাল স্কুল বিল্ডিংয়ে ক্যাম্প তৈরি করে ছিলেন রাশিয়ার সেনা। বস্তুত, ওই অঞ্চলটি এখনো রাশিয়ার দখলে। এলাকায় একাধিক ক্যাম্প তৈরি করে রেখেছে রুশ সেনা।
মঙ্গলবার সেখানেই রকেট হামলা চালায় ইউক্রেন। স্কুলবাড়িটি ভেঙে পড়ে। প্রাথমিকভাবে রাশিয়া জানিয়েছিল ৬৩ জন সেনার মৃত্যু হয়েছে। কিন্তু পরে জানানো হয় ৮৯ জনের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিয়ে রাশিয়ার ভিতরেই তীব্র বিতর্ক শুরু হয়েছে। রুশ জাতীয়তাবাদীরা একের পর এক ব্লগ লিখছেন। যেখানে এই মৃত্যুর জন্য ক্রেমলিনকে দায়ী করা হচ্ছে। রাশিয়ার সেনা ইউক্রেন যুদ্ধ পর্যুদস্তু হচ্ছে বলে বার বার অভিযোগ করা হচ্ছে।
এবিএস





