সরকারি ফান্ড আত্মসাতের একটি মামলায় মিশরের সাবেক প্রেসিডেন্ট ও স্বৈরশাসক হুসনি মোবারককে বুধবার ৩ বছরের জেল দিয়েছে দেশটির একটি আদালত। একই মামলায় তার দুই ছেলে আলা ও গামালকে ৪ বছরের জেল দেওয়া হয়েছে। এছাড়া, তাদের ৩ জনকে ১৭.৬ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। পাশাপাশি ফান্ডের ৩ মিলিয়ন ডলার ফেরত প্রদানের আদেশ দিয়েছে আদালত। ৩০ বছর শাসন করার পর ২০১১ সালের জানুয়ারি মাসে ১৮ দিনের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন হুসনি মোবারক। গণঅভ্যুত্থান চলাকালে বিক্ষোভকারীদের হত্যার দায়ে ২০১২ সালের জুন মাসে দেশটির একটি আদালত হুসনি মোবারক ও তার স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল আদলিকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছিল। কিন্তু একটি আপিলের প্রেক্ষিতে ২০১৩ সালের জানুয়ারি মাসে ঐ মামলাটির কার্যক্রম পুনরায় শুরু করার আদেশ দেওয়া হয়। গত বছরের আগস্ট মাসে আদালতের আদেশে জেল হতে মুক্তি পেয়ে বর্তমানে হুসনি মোবারক সামরিকবাহিনীর একটি হাসপাতালে নজরবন্দী আছেন। আর তার ছেলেরা জেলে আটক রয়েছে। সূত্র: বিবিসি, ওয়ার্ল্ডবুলেটিন, আলআহরাম। [b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]