গিনির রাজধানীর উত্তরের রাতোমা উপশহরে একটি সমুদ্র সৈকতে কনসার্ট চলাকালে পদদলিত হয়ে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায়  এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। এছাড়া, অনুষ্ঠানের আয়োজক হিসেবে দায়িত্বপালনকারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনার পর এক সপ্তাহের জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। রাষ্ট্রপতির কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয় " একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে মানুষ ছোটাছুটি করার কারণে যে বিয়োগান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেটার জন্য আমরা মর্মাহত।"

দোনকা হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি জানায়, নিহতদের মধ্যে ১৩ জন নারী। এছাড়াও এ সময় আরো অন্তত ১২ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, দেশটির জনপ্রিয় র‌্যাপ ব্যান্ড ‘ইনস্টিংক্ট কিলার’সহ অন্যান্য শিল্পীরা সেখানে অংশ নিচ্ছিলেন। সূত্র: এএফপি, বিবিসি ও আলজাজিরা।

 ঢাকা, ৩০ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই