আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ জন নিহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় এলাকায় স্থানীয় টেলিভিশন এমটিভির রিয়েলিটি শো’য়ের একটি টিম ওই হেলিকপ্টারে ছিলেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
মেনদোজা প্রদেশের নিরাপত্তামন্ত্রী রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তেলামকে জানিয়েছেন, বেল ২০৬ নামের হেলিকপ্টারটি উত্তর-পশ্চিমাঞ্চলীয় বুয়েনোস আইরিস থেকে ১ হাজার কিলোমিটার দূরের পোট্রেরিলোস ডি মেনদোজা ডামের একটি লেকের ওপর দিয়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়েছে।
তিনি আরো জানিয়েছেন, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ায় পাইলট এবং এক টেকনিশিয়ান নিহত হয়েছেন। তবে হেলিকপ্টারের আর কোনো আরোহী মারা গেছেন কীনা সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অনুসন্ধানকারীরা ৬০ মিটার গভীরে থাকা ধ্বংসাবশেষে পৌঁছানোর চেষ্টা করছেন বলে জানা গেছে।
হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি। কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। তবে এমটিভি কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এ বছর দেশটিতে রিয়েলিটি শো’য়ের সঙ্গে সম্পৃক্ত এটি দ্বিতীয় দুর্ঘটনা। এর আগেও রিয়েলিটি শো’য়ের অংশগ্রহণকারীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল।
এমএইচ





