ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গোরখপুরে দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন। এদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার রাত এগারোটা নাগাদ বারানসি থেকে গোরখপুরগামী কৃষক এক্সপ্রেস লখনৌ থেকে বারাউনিগামী বারাউনি এক্সপ্রেসের পেছনে ধাক্কা দেয়। এতে বারাউনি এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ের মুখপাত্র অনিল কুমার সাক্সেনা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের প্রাণহানি ও ৪৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান রেলের পদস্থ কর্মকর্তারা। শুরু হয় উদ্ধারকাজও। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের নিচে আটকে থাকা লাশ বের করে আনতে লোহা কাটার যন্ত্র ও অন্যান্য যন্ত্রাংশ ব্যবহার করছেন।

সাক্সেনা বলেন, ট্রেন চলাচল পুনরায় শুরু করতে উদ্ধার কাজ শিগগিরই শেষ করা হবে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিগন্যাল অমান্য করার দায়ে কৃষক এক্সপ্রেসের চালক ও সহকারী চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন রেলের সেফটি কমিশনার পি কে বাজপেয়ী।

দুর্ঘটনার কারণে গোরখপুর -বারাণসী রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। এ ছাড়া কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

নিহতদের প্রত্যেকের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা এবং আহতদের প্রত্যেককে পঁচিশ হাজার টাকা করে দেয়ার কথা ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ।

এসএমএ