আফগানিস্তানের রাজধানী কাবুলে গত বৃহস্পতিবার কুরআন পোড়ানোর অভিযোগে এক নারীকে হত্যা করেছে উত্তেজিত জনতা। খবর বিবিসির।

স্থানীয় পুলিশ কমান্ডার সালেহ মোহাম্মদ জানান, শত শত স্থানীয় ও পথচারীরা ওই নারীকে পাথর নিক্ষেপ এবং লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই নারীর দেহ আগুনে পোড়ানো হয়।

পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

অভিযোগ রয়েছে, অভিযুক্ত নারী একটি মসজিদের পাশে কুরআনের একটি কপি পোড়ায়।

আফগানিস্তানে এই প্রথম এ ধরনের ঘটনা ঘটল।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকী জানান, আসলে ঠিক কী ঘটেছে এ ব্যাপারে তারা এখনো নিশ্চিত নয়।

এক প্রত্যক্ষদর্শী জানান, শাহদু শামসিরা মসজিদের কাছ দিয়ে যাওয়ার সময় তিনি হট্টগোলের শব্দ পান। এ সময় লোকজন বলছিল, এক নারী কুরআন পুড়িয়েছে।

তিনি বলেন, আমি কাছে গেলে দেখতে পাই, উত্তেজিত জনতা ওই নারীকে হত্যা করতে চাইছে। তারা তাকে পিটিয়ে হত্যা করে এবং তার লাশ পুড়িয়ে নদীতে ফেলে দেয়।

আফগানিস্তানের সংবাদ সংস্থা তুলু জানিয়েছে, ওই নারীর বাবা-মা জানিয়েছেন তার বয়স ১৬। সে মানসিকভাবে অসুস্থ।

তারা আরও জানান, তাদের মেয়ে উদ্দেশ্যমূলকভাবে কুরআন পোড়ায়নি।

জেআই