একজন মা তার ছোট্ট শিশুকে পাতাল রেল স্টেশনের প্লাটফর্মে রেখে পালিয়ে গেছেন। শিশুটি বর্তমানে কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
খবরে বলা হয়, সোমবার দুপুরে নিউইয়র্কের কলম্বাস সার্কেল স্টেশনে এক নারী যাত্রী পাতাল রেল থেকে নামেন। এসময় তার সাথে একটি ৬-৭ মাস বয়সী শিশু ছিল। নারী যাত্রীটি তার শিশুকে প্লাটফর্মে রেখে পুনরায় ট্রেনে উঠে চলে যান।
এরপর শিশুটিকে উদ্ধার করে রোসেভেল্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা জানিয়েছেন, শিশুটি সম্পূর্ণ সুস্থ।
পুলিশ বলছে, যে নারী যাত্রী শিশুটিকে ফেলে রেখে গেছে তার বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। উচ্চতা মাঝারি এবং চুলের রং কালো। ঐ নারীর পরনে ছিল ছোট হাতার হলুদ রঙের ব্লাউজ।
নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, ছোট শিশুটিকে ৩৩ বছর বয়সী একজন নারী সর্বপ্রথম খেয়াল করেন। তিনি প্রায় ২০ মিনিট অপেক্ষা করে কাউকে দেখতে না পেয়ে কর্তৃপক্ষকে খবর দেন। সূত্র: এপি, সিবিএস নিউজ, নিউইয়র্ক টাইমস।
ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // টিআই





