নিউজ ডেস্ক : এবার রসায়নে নোবেল পেয়েছেন ৩ জন। এদের মধ্যে ২ জন মার্কিন ও ১ জন জার্মান বিজ্ঞানী। নোবেল প্রাপ্তরা হলেন মার্কিন নাগরিক এরিক বেটজিগ ও উইলিয়াম ই মোয়ের্নার এবং জার্মান নাগরিক স্টিফান ডব্লিউ হেল। অনুবীক্ষণ যন্ত্রের রেজ্যুলেশন বৃদ্ধির উপায় আবিষ্কারের জন্য তারা এ পুরস্কারে ভূষিত হয়েছেন।
সুইডেনে বুধবার নোবেল কমিটি এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করে। গবেষকরা অনুবীক্ষণ যন্ত্রের আলো বৃদ্ধিতে প্রতিপ্রভা বা স্ফুরজ্যোতি ব্যবহার করেছেন। ১৯০১ সালে নোবেল পুরস্কার প্রবর্তনের পর এর আগে ১০৫ জনকে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
নোবেল কমিটি বলেছে, অনুবীক্ষণের স্ফুরজ্যোতির বা প্রতিপ্রভার উৎকৃষ্ট সমাধান আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তিনজন একই পুরস্কারে মনোনীত হওয়ার কারণে এবারের রসায়নে নোবেলের জন্য বরাদ্দ আট মিলিয়ন ক্রোনার তিনজনের মধ্যে ভাগ হয়ে যাবে।
নোবেল কমিটির চেয়ারম্যান প্রফেসর লিডিন বলেছেন, তাদের এ আবিষ্কারের কারণে সঠিক সময়ে আণবিক প্রক্রিয়ার গবেষণা সম্ভব হবে। সূত্র: বিবিসি।
এমআর





