ইরাকের প্রেসিডেন্ট নুরী আল মালিকি বলেছেন, দেশের উত্তরাঞ্চলের সুন্নী বিদ্রোহ মোকাবেলা করার জন্য ঐক্যমতের সরকার গঠনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় যে চাপ দিয়েছে, সে চাপের কাছে তিনি নত হবেন না। ঐক্যমতের সরকার ব্যবস্থাকে তিনি সংবিধানের বিরুদ্ধে 'ক্যু' হিসেবে আখ্যায়িত করেছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ইরাক সফরের একদিন পর বুধবার তিনি সাপ্তাহিক টেলিভিশন ভাষণে এ কথা বলেন।
জন কেরি ইরাক সফর করে কুর্দি, সুন্নি এবং শিয়া নেতাদেরকে একটি চুক্তিতে পৌছার আহ্বান জানিয়েছিলেন।
ইরাকের প্রেসিডেন্ট বলেন, "জাতীয় জরুরী সরকার গঠন করার আহ্বান হল সংবিধান এবং রাজনৈতিক প্রক্রিয়ার বিরুদ্ধে একটি ক্যু"।
তিনি আরো বলেন, যারা সংবিধানের বিরুদ্ধে গিয়ে শিশু গণতান্ত্রিক প্রক্রিয়াকে উচ্ছেদ করতে চায় এবং ভোটারদের ভোটাধিকার চুরি করতে চায় এটা তাদের একটি উদ্যোগ।
বিবিসি'র খবরে বলা হয়, চলতি মাসে সুন্নী বিদ্রোহীরা যে এলাকাগুলো দখল করেছে সেগুলো উদ্ধার করতে ব্যর্থ হয়েছে ইরাকের সরকার। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ৩০০ সামরিক উপদেষ্টার প্রায় অর্ধেককে নিয়োগ করা হয়েছে ইরাকের নিরাপত্তা বাহিনীকে সহায়তা করার জন্য। তারা ইতোমধ্যে ইরাকে পৌছেছে এবং বুধবার থেকে কাজ শুরু করেছে। সূত্র, আল-জাজিরা, বিবিসি।
ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই





