মুদ্রাপাচারে জড়িত থাকার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের বড় ছেলেকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
রাজাপাকসের আইনজীবী প্রেমানাথ সি দোলাওয়াত্তার বরাতে মঙ্গলবার এ খবর জানিয়েছে বিবিসি।
তার আইনজীবী জানান, ‘মুদ্রাপাচারবিরোধী আইনের অধীনে পুলিশ আমার মক্কেলকে গ্রেফতার করেছে এবং আদালত তাকে এক সপ্তাহের রিমান্ড দিয়েছে।’
দুইটি বিদেশি কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন নামাল। এই বিষয়েই শ্রীলঙ্কার ফাইন্যানসিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন তদন্ত করছে বলেও জানান তিনি।
তবে এবার গ্রেফতার হওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ জানাননি ওই আইনজীবি।
অভিযুক্ত নামাল রাজাপাকসে শ্রীলঙ্কার একজন সাবেক সংসদ সদস্য। এ নিয়ে দ্বিতীয়বারের মতো পুলিশের কাছে গ্রেফতার হলেন তিনি। এর আগে জুলাইয়ে আরো একটি মামলায় তাকে গ্রেফতার করে শ্রীলঙ্কার পুলিশ। ওই মামলায় সাত দিনের রিমান্ড শেষে জামিনে বের হন তিনি।
শ্রীলঙ্কায় প্রায় এক দশক ধরে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন মাহিন্দা রাজাপাকসে। ২০১৫ সালের নির্বাচনে নিজ দলের প্রার্থী ও তার মন্ত্রিসভার সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাইথ্রিপালা সিরিসেনার কাছে হেরে যান তিনি।
সূত্র:বিবিসি





