‘ভারতের বিরোধী দলগুলোকে সবসময় একটা আতঙ্কের মধ্যে রাখছে মোদি সরকার। বিজেপির আমলে ভারতের সংসদে কিংবা রাজপথে কোথাও বাক স্বাধীনতা নেই। সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোরই শুধু নয়, সাধারণ মানুষেরও মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণকরছে মোদি সরকার।’
শুক্রবার ইন্ডিয়া টু ডে আয়োজিত এক অনুষ্ঠানের বক্তব্যে বিজেপিশাসিত এনডিএ সরকারের এসব দোষ তুলে ধরে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।
এদিন নয়াদিল্লির ওই মঞ্চ থেকে কংগ্রেসের সাবেক চেয়ারপারসন জানান, ‘পরিকল্পিত সম্মানহানির শিকার হচ্ছে আমাদের দেশ, সমাজ ও স্বাধীনতা। প্রতিনিয়ত আঘাত হানা হচ্ছে আমাদের স্বাধীনতার ওপর।’ সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ের মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা আক্রমণ করেন সোনিয়া। অনন্ত কুমার মন্তব্য করেছিলেন, ‘আমরা (বিজেপি) এখানে স্থায়ী হতে এসেছি এবং সংবিধান পরিবর্তন করা আমাদের উদ্দেশ্য।’ বিরোধীদের বিরুদ্ধে শাসক দলের আচরণ নিয়ে ক্ষুব্ধ সোনিয়া বলেন, ‘আশঙ্কা ও আতঙ্কে দিন কাটছে। বিরোধী কণ্ঠস্বর রোধ করার চেষ্টা চলছে।’
তার দাবি, সংসদীয় গরিষ্ঠতাকে হাতিয়ার করে শ্বাসরোধ করা হচ্ছে বিরোধীদের প্রতিবাদ ও যে কোনো বিতর্কের। গত কয়েক বছর ধরে কংগ্রেসের জনপ্রিয়তা হারানো সম্পর্কেও এদিন মুখ খোলেন সোনিয়া। গত লোকসভা নির্বাচনে দলের পরাজয় নিয়ে তার বিশ্লেষণ, ‘বেশ কিছু কারণ ছিল। এক কথায়, মোদর নির্বাচনী কৌশলের সঙ্গে এঁটে উঠতে পারেনি কংগ্রেস।’ জনতার সঙ্গে সংযোগ স্থাপনে দলকে নতুন আঙ্গিকে পদক্ষেপ করতে হবে বলেও তার দাবি।
দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে কংগ্রেসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ সম্পর্কে সোনিয়ার ব্যাখ্যা, ‘দুর্নীতি ইস্যুকে উদ্দেশ্যপ্রণোদিত গুরুত্ব দেয়া হয়েছে। আমাদের সরকারের সময়কার সিএজি বিশাল পরিমাণের আর্থিক দুর্নীতির হদিস দেয়, যা সমস্যা তৈরি করে। সেই সময় কমিটির নেতৃত্বে থাকা ব্যক্তিকে আরামদায়ক কাজে নিয়োগ করা হয়েছে।’
এবার ভাঙল নেতাজির মূর্তি
এবার বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে আক্রান্ত হয়েছে নেতাজি সুভাষ চন্দ্রের মূর্তি। শুরুটা হয়েছিল ত্রিপুরাতে লেনিন-এর মূর্তি ভাঙা দিয়ে। এরপর গোটা ভারতের বিভিন্ন অংশ ‘চোখের বদলে চোখ’ উপড়ে ফেলার ঘৃণ্য রাজনীতিতে মেতেছে। দক্ষিণ ভারতে ভাঙা হয় পেরিয়ারের মূর্তি। পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে লাগানো হয় কালি। আক্রমণ থেকে ছাড় পায়নি কেরালার গান্ধী মূর্তিও। আর এবার এই রাজনৈতিক আক্রমণের শিকার নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি।
টাইমস অব ইন্ডিয়া জানায়, মধ্যপ্রদেশের জব্বলপুরে নেতাজি সুভাষ চন্দ্র বসুর একটি সাদা মূর্তিতে লাল কালি লাগানো হয়েছে। স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে এ ঘটনা নজরে আসতেই পুলিশে খবর দেয়া হয়।
এসএম





