সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১০ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেক।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে দুজন রয়েছেন খার্তুমে, সাতজন বাহরিতে এবং একজন ওমদুরমানে।
জানা গেছে, সামরিক অভ্যুত্থানের পর সেনাশাসনের বিরোধিতায় দেশটির রাজপথে বিক্ষোভে নামে হাজারো মানুষ। এর ধারাবাহিকতায় বুধবার (১৭ নভেম্বর) বিক্ষোভকারীরা রাজধানীর খার্তুম এবং বাহরি এবং ওমদুরমান শহরে মিছিল করে।
সেন্ট্রাল কমিটি অব সুদানিজ ডক্টরস (সিসিএসডি) এক বিবৃতিতে বলেছে, বিভিন্ন এলাকায় বিক্ষোভে ব্যাপকভাবে গুলি করেছে সেনাবাহিনী। এতে অনেকে গুরুতর আহত হয়েছেন।
গেল ২৫ অক্টোবর সুদানের শীর্ষ জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে জরুরি অবস্থা জারি করেন। ভেঙে দেন সার্বভৌম পরিষদ এবং অন্তর্বর্তীকালীন সরকার। সেই সঙ্গে অনেক বেসামরিক নেতাকেও আটক করেন।
এবিএস





