ভারতের দক্ষিণ ত্রিপুরার শিলাছড়িতে ঝগড়া করে নিজেদের গুলিতে বিএসএফের ২জন নিহত ও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঘটনা ঘটে বাংলাদেশের খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তের ওপারে ভারতে। সীমান্তের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে ঝগড়ার জেরে বিএসএফ সদস্যরা একে অপরকে গুলি করে হত্যার ঘটনায় বাংলাদেশ সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন বিজিবির গুইমারার সেক্টর কমান্ডার কর্ণেল জিএইচ এম সেলিম হাসান।
সীমান্ত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ত্রিপুরার শিলাছড়িতে বাংলাদেশ সীমান্তের কাছে একটি ক্যাম্পে বিএসএফের ৩নং অ্যাড-হক বাহিনীর কনস্টেবল প্রতাপ সিং ও হাবিলদার সতবীর সিংয়ের মধ্যে ডিউটিরত অবস্থায় ঝগড়া বাধে।
এক পর্যায়ে কনস্টেবল প্রতাপ তার নিজ রাইফেল দিয়ে সতবীর সিংকে গুলি করে করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ অবস্থায় বিক্ষুব্দ প্রতাপকে সামাল দিতে এগিয়ে আসলে ক্যাম্পের এসআই রাম কুমারকেও তিনি গুলি করেন। এতে রাম কুমার পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন।
এসময় উগ্র প্রতাপকে লক্ষ্য করে অপর এক বিএসএফ গুলি ছুড়লে তিনিও ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত এসআই রাম কুমারকে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সীমান্ত এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে বাংলাদেশের মাটিরাঙ্গা সীমান্ত সংলগ্নে নিজেদের গুলিতে বিএসএফের হতাহতের ঘটনায় বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলে জানান গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল জিএইচএম সেলিম হাসান।
তিনি আরও জানান, বিএসএফের ব্যাটালিয়ন বদলি হওয়ায় সেখানে অস্থায়ী অ্যাড-হক বাহিনী নিয়োজিত আছে।
এইচএন





