ইরাকে আটকা পড়া ভারতীয়দের উদ্ধার করতে সেখানে ভারত সৈন্য পাঠাচ্ছে বলে যে 'জল্পনা-কল্পনা' চলছে সে ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি।
মন্ত্রী মঙ্গলবার মিডিয়াকে বলেন, তিনি এ ব্যাপারে কিছু বলবেন না। ইরাকে প্রায় ১২০ ভারতীয় আটকা পড়ে আছে। এছাড়া সুন্নি বিদ্রোহীদের হাতে আটক রয়েছে ৩৯ ভারতীয়।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরাকে সব মিলিয়ে ১০ হাজারের বেশি ভারতীয় রয়েছে। দেশটি ইরাকে অবস্থানরত তার নাগরিকদের নিরাপত্তার কথা ভেবে সেখানে সেনাবাহিনী পাঠাতে পারে এমন জল্পনা কল্পনা চলছে গত কয়েকদিন ধরে। এমনই পটভূমিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর কাছ থেকে প্রতিক্রিয়া জানার চেষ্টা করেন সাংবাদিকরা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
উল্লেখ্য, চলতি মাসের শুরু থেকেই ইরাকজুড়ে চলছে সহিংসতা। ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্ত (আইএসআইএল) নামের সুন্নি সশস্ত্র সংগঠন দেশটির উত্তরাঞ্চলীয় দুটি শহর দখল করে নেয়ার পর থেকে চলছে এই সংঘর্ষ।
দিন দিন সংঘর্ষে নিহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এমনকি আইএসআইএলের সঙ্গে সংঘর্ষ ছাড়াও সেনাবাহিনী ও পুলিশের হাতেও সাধারণ মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
বিবিসির সবশেষ প্রকাশিত খবর অনুযায়ী সহিংসতায় গত ৫ থেকে ২২ জুন পর্যন্ত মাত্র ১৭ দিনে নিহত হয়েছেন অন্তত ১ হাজার ৭৫ জন। জাতিসংঘের একটি মানবাধিকার গ্রুপের ঊদ্ধৃতি দিয়ে মঙ্গলবার এ খবর জানিয়েছে বিবিসি।
ওই গ্রুপটির সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, নিনেভেহ, দিয়ালা ও সালাহউদ্দিন প্রদেশে ৫ জুন থেকে ২২ জুন পর্যন্ত ৭৫৭ জন সাধারণ মানুষ নিহত হয়েছে। একই সময়ে দেশটির রাজধানী বাগদাদসহ দক্ষিণ অংশে ৩১৮ জন মানুষ প্রাণ হারিয়েছে।
ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ // কেবি





