মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় সাবাহ রাজ্যের অদূরে গভীর সমুদ্র থেকে বন্দুকধারীরা ইন্দোনেশিয়ার চার নাবিককে অপহরণ ও নৌকার এক ক্রুকে গুলি করে আহত করেছে। এই অঞ্চলটিতে আবু সায়াফ জঙ্গিরা তৎপরতা চালায়।
শনিবার এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা একথা বলেছেন।
যদি ফিলিপাইন ভিত্তিক আবু সায়াফ এই অপহরণের সঙ্গে জড়িত বলে নিশ্চিত হওয়া যায়, তবে এটা হবে তাদের তৃতীয় এ ধরনের অপহরণের ঘটনা।
সাবাহ পুলিশের প্রধান বলেন, ‘শুক্রবার রাতে আন্তর্জাতিক জলসীমায় এই ঘটনা ঘটেছে। অপহরণকারীরা ৪ নাবিককে অপহরণ করেছে। তাদের গুলিতে আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’
কয়লা নিয়ে টাগবোটটি ফিলিপাইনের কেবু থেকে ইন্দোনেশিয়ার বোর্নিওর তারাকানে যাওয়ার সময় অপহরণের ঘটনাটি ঘটে। তবে আহত লোকটিসহ অপর ৬ নাবিক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
অপহরণের ঘটনা হ্রাসে মালয়েশীয় কর্তৃপক্ষ সাবাহ ও ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মধ্যকার বাণিজ্যিক রুটটি সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।
নৌপুলিশের প্রধান কর্মকর্তা আব্দুল রহিম আব্দুল্লাহ্ বলেন, ‘এই নিষেধাজ্ঞা বলবৎ করতে আমরা নৌপুলিশের নৌকা এবং উপকূলীয় রক্ষী বাহিনীর ও নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছি।’
১ এপ্রিল সাবাহ্র লিগিতান দ্বীপের কাছে একটি জাহাজ থেকে ৪ মালয়েশীয় নাবিককে অপহরণ করা হয়। তবে কে বা কারা ওই অপহরণের সঙ্গে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।
বেশ কিছুদিন আগে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলের অদূর থেকে ১০ ইন্দোনেশীয় নাবিককে অপহরণ করা হয়।
সূত্র : এএফপি
এমআইএস।





