প্রথমে চকলেটের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিলেন মধ্যবয়স্ক প্রতিবেশী। তার পর চারজন মিলে সংঘবদ্ধ ধর্ষণ।

এখানেই থামেনি, দিনের পর দিন, গত তিন মাস ধরে ভয় দেখিয়ে চলতে থাকে একই নির্যাতন। প্রতিবার সংঘবদ্ধ ধর্ষণের পর ছোট্ট মেয়েটিকে ধর্ষকরা হুমকি দিত, কাউকে বললে ফল ভালো হবে না। শেষ পর্যন্ত বুধবার মা’কে সব কথা বলে মেয়েটি।

মা থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ৬৫ বছরের এক বৃদ্ধও। ভারতের মধ্যপ্রদেশের ভোপালের ঘটনা এটি।

ভোপালের জাহাঙ্গিরাবাদ থানার ইন্সপেক্টর প্রীতম সিংহ ঠাকুর ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, তিন মাস আগে পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে চকলেট দেয়ার লোভ দেখিয়ে নিজের বাড়ি নিয়ে গিয়েছিলেন সুমন পাণ্ডে (৫০)। বাড়িতেই ওই প্রতিবেশী ও আরও তিনজন ওই নাবালিকাকে ধর্ষণ করেন। শেষবার সংঘবদ্ধ ধর্ষণ করা হয় মাসের ১২ তারিখ। চার অভিযুক্ত আপাতত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের নাম নানহু লাল, গোকুল পানওয়ালা, জ্ঞানেন্দ্র পাণ্ডে এবং সুমন পাণ্ডে। এরমধ্যে ৬৫ বছরের নানহু লাল পেশায় দারোয়ান, গোকুলের পানের দোকান, এবং জ্ঞানেন্দ্র গাড়ি চালক। অভিযুক্তদের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ ও শিশুদের উপর যৌন নির্যাতন নিরোধ (পকসো) আইনে মামলা দায়ের করা হয়েছে। সূত্র: আনন্দবাজার

এএস