ভূমধ্যসাগরের লিবীয় উপকূলে বিদেশগামী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০ আফ্রিকানের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আলজাজিরার।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার এক মুখপাত্র গত বৃহস্পতিবার বলেন, ইতালি উপকূলে পৌঁছানো সংস্থাটির কর্মীরা জানিয়েছেন বুধবার সকালে ওই নৌকাডুবির ঘটনায় ৩৫ থেকে ৪০ জনের মৃত্যু হয়েছে।
নৌকাটির আরোহীর সবাই সেনেগাল, মালি ও বেনিনের নাগরিক। তারা লিবীয় উপকূল দিয়ে অবৈধপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিল।
সেভ দ্য চিলড্রেনের কর্মীরা নৌকাটি থেকে উদ্ধার হওয়া জীবিতদের সাক্ষাৎকার নেন। তারা জানিয়েছেন, নৌকাটিতে থাকা ১৫-১৬ বছর বয়সী সাত কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লিবীয় উপকূল থেকে নৌকাটি ছাড়ার কিছুক্ষণ পরই তা ডুবে যায়।
সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, বুধবার জার্মান জাহাজে করে ২৮৩ শরণার্থীকে পোর্ট অগাস্টায় নেওয়া হয়েছে। এ ছাড়া অন্য দুটি জাহাজে ৬৬৯ অভিবাসীকে ইতালির সিসিলিতে নেওয়া হয়েছে।
এমআর





