আলকায়েদার সাবেক প্রধান বিন লাদেনের লাশের সব ছবি ধ্বংস করে দেয়ার নির্দেশ দিয়েছে মার্কিন সামরিক কমান্ডার। লাদেন হত্যায় জড়িত মার্কিন সেনাদের এ নির্দেশ দিয়েছেন ওই অভিযানের কমান্ডার। ফাঁস হওয়া একটি নতুন দলিলে এই তথ্য পাওয়া গেছে।
ওই বিশেষ সামরিক অভিযানের কমান্ডার অ্যাডমিরাল উইলিয়াম ম্যাকর্যায়ভেন লাদেন নিহত হওয়ার ১১ দিন পর তার লাশের যে কোনো ছবি বা আলোকচিত্র ধ্বংস করার অথবা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র কাছে সরবরাহ করার নির্দেশ দিয়েছিলেন।
একটি ই-মেইল থেকে জুডিশিয়াল ওয়াচ নামের সংস্থা এ তথ্য জানতে পেরেছে।জুডিশিয়াল ওয়াচের প্রেসিডেন্ট টম ফিল্টন এই ই-মেইলকে আইন ও মার্কিন নাগরিকদের জানার অধিকারের প্রতি অবজ্ঞার অকাট্য দলিল বলে মন্তব্য করেছেন।
মার্কিন সেনারা ২০১১ সালের ২ মে পাকিস্তানে লাদেনকে হত্যা করে বলে ওবামার সরকার জানিয়েছিল। তবে অনেকেই মনে করেন লাদেনকে বহু আগেই বন্দী বা হত্যা করা হয়েছিল কিংবা লাদেন এখনও জীবিত রয়েছে। সূত্র: আইআরআইবি
ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // টিআই