ইরাকি কুর্দিদের 'পেশমের্গা' বাহিনীর প্রথম দলটি সিরিয়ার কোবানিতে পৌঁছেছে। কোবানিতে ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুদ্ধরত সিরিয়ার কুর্দি বাহিনীকে সহায়তা করতে তারা সেখানে গেছেন। খবর রয়টার্সের।

তুরস্ক সীমান্তবর্তী কোবানি শহরের উল্লেখ্যযোগ্য অংশ আইএস দখল করে নিয়েছে। মার্কিন নেতৃত্বাধীন জোটের অব্যাহত বিমান হামলার মুখেও আইএস-কে পিছু হটানো যাচ্ছে না। আশঙ্কা করা হচ্ছে, আইএসের হাতে কোবানির পতন ঘটলে সেখানকার কুর্দিদেরকে গণহারে হত্যা করবে সুন্নী এই যোদ্ধা গোষ্ঠীটি।

উল্লেখ্য, প্রায় ৪০ দিন ধরে কোবানি অবরুদ্ধ করে রেখেছে আইএস। মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায়ও কিছুতেই কাজ হচ্ছে না। কোবানি থেকে আইএস-কে দমন করা এখন মার্কিন জোটের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

কোবানির এরকম অনিশ্চিত অবস্থাতে সেখানে ইরাক থেকে পেশমের্গা সৈন্যরা সেখানকার কুর্দিদের সহায়তা করার সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার প্রথমে ১০ জন সৈন্যের একটি ছোট দল প্রথমে তুরস্ক সীমান্ত দিয়ে কোবানিতে প্রবেশ করে বলে জানা গেছে। এরপর আরও অন্তত ১০০ যোদ্ধা সেখানে যাবেন বলে জানা গেছে।

পেশমার্গা যোদ্ধারা সাথে করে একটি কামান ও ভারী মেশিনগানবাহী সাঁজোয়া যান নিয়ে গেছেন।

এসএমএ