পূর্ব মেক্সিকোর বেরাক্রুস রাজ্যে পাওয়া গেছে ৩২টি গণকবরের সন্ধান৷ গণকবরগুলোতে মিলেছে কাপড়-চোপড়ের অংশ, আইডি কার্ড ও অসংখ্য মাথার খুলি৷ মাদক নিয়ে সহিংসতার জন্য প্রসিদ্ধ এই বেরাক্রুস রাজ্য ।
কয়েক সপ্তাহের অভিযান শেষে বৃহস্পতিবার তদন্তকারীরা জানিয়েছেন, গণকবরগুলোতে অন্যান্য জিনিসের সঙ্গে মোট ১৬৬টি মাথার খুলি পাওয়া গেছে৷ তবে মৃতের সংখ্যা আরো অনেক বেশি বলে ধারণা করছেন তাঁরা৷
‘‘দেহাবশেষ ছাড়াও আমরা অন্তত ২০০ রকমের কাপড়, ১১৪ ধরনের আইডি ও নানান ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র পেয়েছি৷’’ বেরাক্রুস রাজ্যের অ্যাটর্নি জেনারেল হোর্হে উইঙ্কলার এ কথা বলেন৷
স্থানীয়দের মধ্যে যাঁদের পরিবারের সদস্যরা হারিয়ে গেছেন, সেসব সদস্যের ডিএনএ নমুনা সরবরাহ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ৷ সেক্ষেত্রে মিলিয়ে দেখে তাঁদের শনাক্ত করার যেতে পারে৷
উইঙ্কলার জানিয়েছেন, গত ৮ আগষ্ট এক অজ্ঞাত ব্যক্তি জায়গাটির কথা রাজ্য কর্তৃপক্ষকে জানান৷ তিনি অবশ্য ‘নিরাপত্তার খাতিরে' তখন কবরগুলোর সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করে বলেননি৷
মাদক সন্ত্রাসীরা মানুষ মেরে গুম করতে প্রায়ই দুর্গম অঞ্চলগুলো ব্যবহার করেন৷ বিশেষ করে মার্কিন সীমান্তে মাদক পাচারের জন্য ব্যবহৃত এই বেরাক্রুস রাজ্যে সহিংসতার হার সবচেয়ে বেশি৷
গত বছর মার্চে এ রাজ্যে আরেক অভিযানে ২৫০টি মানব খুলির গণকবর উদ্ধার করা হয়৷এএস





