অবৈধ দখলদারিত্বের অবসান চেয়ে নিরাপত্তা পরিষদে পাঠানো খসড়া প্রস্তাবকে যুদ্ধ ঘোষণার শামিল বলে মন্তব্য করেছেন ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দামন্ত্রী ইউভাল স্টেইনেজ।
ইসরাইল রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আজ বলেছেন, ইসরাইলকে ‘ইহুদি-রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি না দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে খসড়া প্রস্তাব পাঠানো হয়েছে তা কোনো শান্তির প্রস্তাব নয় বরং এটা যুদ্ধ ঘোষণার প্রস্তাব।
জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর গতকাল (বুধবার) বলেছেন,জর্দানের মাধ্যমে নিরাপত্তা পরিষদে এই খসড়া প্রস্তাব পাঠানো হয়েছে।
ইসরাইলি মন্ত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, “ফিলিস্তিন কর্তৃপক্ষ যদি আমাদের অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নেয়, ইহুদি রাষ্ট্রকে স্বীকৃতি না দেয় এবং একক কোনো সিদ্বান্ত চাপিয়ে দেয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেব।”
এদিকে, ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেছেন, নিরাপত্তা পরিষদে পাঠানো খসড়া প্রস্তাব ফিলিস্তিনিদের জন্য কোনো ফল বয়ে আনবে না।
এছাড়া, খসড়া প্রস্তাবকে ‘প্রতারণাপূর্ণ কৌশল’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে লিবারম্যান বলেন, সংস্থাটির উচিৎ বিশ্বের এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর প্রতি নজর দেয়া।
অধিকৃত পশ্চিমতীর, পূর্ব বায়তুল মুকাদ্দাস এবং অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ে ফিলিস্তিনিরা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তবে, ১৯৬৭ সালে দখলীকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ফিরিয়ে দিতে এবং এ ইস্যুতে কোনো ধরনের আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।





