তেহরান: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তেহরান তার পরমাণু প্রযুক্তি উন্নয়নের অধিকার থেকে এক ইঞ্চিও সরে আসবে না।
আহওয়াজ প্রদেশে সামরিক বাহিনীর যৌথ পতাকা উত্তোলন অনুষ্ঠানে বুধবার তিনি এ কথা বলেছেন। প্রেসিডেন্ট রুহানি পরিষ্কার করে বলেন,ইরান তার অধিকার রক্ষার বিষয়ে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন,“ইরান কখনো পরমাণু বোমা বানাতে চায়নি এবং যেহেতু আমাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এ বিষয়ে ফতোয়া দিয়েছেন সে কারণে তেহরান কখনো পরমাণু বোমা বানাবে না বলে প্রতিশ্রুতিবদ্ধ।”
ড. রুহানি আরো বলেন,“দেশ হিসেবে আমরা আমাদের মাতৃভূমি রক্ষার অধিকার রাখি সে কারণে এক ইঞ্চি ভূমির ওপরও কাউকে অবৈধভাবে আগ্রাসন চালাতে দেব না।”
প্রেসিডেন্ট রুহানি বলেন,“আমরা কখনো কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসন চালায়নি এবং এ ধরনের কোনো ইচ্ছাও নেই। তবে,কেউ ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালাতে চাইলে শত্রুর বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে রুখে দাঁড়ানো হবে;এতে তারা শুধু অনুতপ্ত হবে।