তুরস্কের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছে দেশটির অমুসলিম সম্প্রদায়গুলোর নেতারা। রবিবার প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে তার এই সাফল্যের জন্য অভিনন্দন জানান তারা।

এরদোয়ানকে অভিনন্দন জানানো ধর্ম নেতাদের মধ্যে রয়েছেন: ইস্তাম্বুলে আর্মেনীয় আর্চবিশপ লেভন জেকিয়ান, ইহুদি সম্প্রদায়ের প্রধান ইশাক ইব্রাহিমজাদেহ, ইশাক হাভেলা, ওরহান জানলিসহ অন্যান্য ধর্মীয় নেতারা।

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে যথাক্রমে জয় পান রজব তাইয়েব এরদোয়ান ও তার দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি)। জয়ী হয়ে ইস্তাম্বুলে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি।

এরদোয়ান বলেন, ‘আমাদের জাতি আমাকে প্রেসিডেন্ট এবং নির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছে।’ এরদোয়ানের অধীনে এই প্রথম তুরস্ক রাষ্ট্রপতিশাসিত একটি ব্যবস্থার দিকে যাচ্ছে।

অনানুষ্ঠানিক ফলাফলে তিনি ও তার দল একে পার্টি বিজয়ী হয়েছে বলেও এরদোয়ান জানান। তার ভাষায়, ‘প্রায় ৯০ শতাংশ ভোটার উপস্থিতির মাধ্যমে তুরস্কের নির্বাচন বিশ্ব গণতন্ত্রের জন্য একটি শিক্ষা।’ দেশের ভবিষ্যদের কথা ভেবে নির্বাচন নিয়ে যেকোনো ধরনের উত্তেজনামূলক কর্মকাণ্ড পরিত্যাগ করারও আহ্বান জানান তিনি।