করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত তাদের রক্তের নমুনা পরীক্ষা হয়নি।

তারা দুজন লাদাখ ও পশ্চিমবঙ্গের বলে সোমবার জানিয়েছে ভারতী সংবাদমাধ্যম এই সময়।

লাদাখে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি এক রোগীর মৃত্যু হয়েছে। সম্প্রতি ইরানে গিয়েছিলেন ৭৬ বছর বয়সী ওই ব্যক্তি।

দেশে ফেরার পর করোনাভাইরেসের লক্ষণ নিয়ে শনিবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার আগেই রোববার হাসপাতালেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন। ওই ব্যক্তির গ্রাম ঘিরে রাখা হয়েছে।

লাদাখ প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ নিয়ে সাবেক পুলিশ সদস্য মোহাম্মদ আলীকে শনিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি আরও নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

এদিকে সৌদি আরব থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ফেরা এক যুবকের মৃত্যু হয়েছে রোববার। প্রায় পাঁচ বছর ধরে সৌদিতে ছিলেন ওই যুবক। শনিবার মুর্শিদাবাদে ফেরেন তিনি। এর পর থেকেই তার জ্বর ও শ্বাসকষ্ট শুরু হয়।

মুর্শিদাবাদ মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে ভর্তি করা হয়েছিল। রোববার তার মৃত্যু হয়েছে।

তার রক্তের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট আসেই নিশ্চিত হওয়া যাবে– ওই যুবকের মৃত্যুর কারণ করোনাভাইরাস কিনা।

এ ছাড়া ভারতে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। রোববার আরও পাঁচজন এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে।

এমআর