ভাই বেচে দিয়েছে বোনকে— ফোনে নিখোঁজ মেয়ের এ খবর পেয়ে ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে যাবেন ঠিক করেছিলেন সাফিরা বিবি (৪২)। ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে তা নিয়ে কথা-কাটাকাটিও হয়। তবে থানায় যাওয়ার আগেই তাদের হাতে খুন হয়ে গেলেন মা।

কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয় মা সাফিরা বিবিকে। মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার সন্দেশখালির সাধুবড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ছেলে পালিয়ে গেছে। পুত্রবধূ রূপা বিবিকে প্রতিবেশীরা গণপিটুনি দিয়ে তুলে দেন পুলিশের হাতে।

পুলিশ জানায়, সাফিরার বিবাহিতা মেয়ে মাস তিনেক আগে নিখোঁজ হলে থানায় জানানো হয়েছিল। তবে মাকে হত্যায় অভিযুক্ত ছেলে মিজানুর আলীকে পুলিশ খুঁজছে।

বাবা মাজেদ আলী জানান, সোমবার রাতে তার স্ত্রীর মোবাইলে আচমকা ফোন করেন মেয়ে। ফোনে মা সাফিরাকে সে জানায়, সম্পত্তি থেকে বঞ্চিত করতে ৫০ হাজার টাকায় তাকে নয়াদিল্লিতে বিক্রি করে দিয়েছে তার ভাই ও কিছু আত্মীয়। মেয়ে কোথায় আছে তা জেনে সাফিরা আশ্বাস দেন পুলিশের সাহায্য নিয়ে তাকে বাড়ি ফেরাবেন। এর পরই বাবা-মায়ের সঙ্গে ছেলে-বউয়ের কথা-কাটাকাটি। মাকে দেখে নেওয়ার হুমকি দেয়।

সেই সময় চায়ের দোকানে গিয়েছিলেন মাজেদ। চা খেয়ে বাড়ি ফেরার সময় পুত্রবধূ রূপাকে হন্তদন্ত হয়ে যেতে দেখে জানতে চান, ‘কী হয়েছে?’ রূপা জানায়, আপনার ছেলে মাকে মেরে ফেলেছে। বলে সরে পড়ার চেষ্টা করে সে। মাজেদ তাকে আটকে বাড়ি এসে দেখেন, ঘরের মেঝেতে পড়ে আছে সাফিরার দেহ। গলার নলি কাটা। তার চিৎকারে জড়ো হন পড়শীরা। খবর যায় পুলিশে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

জেএ