রাজধানীর গুলশানের সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের ভিসা প্রসেসিং কার্যালয়ে একটি বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছেন। এসময় আরও অন্তত ৬ জন আহত হয়েছেন।
আহতদের বেসরকারি ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাস্থলে এরই মধ্যে দমকল পৌঁছেছে।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে গুলশান-২ এর ৯৩ নম্বর রোডের ৬ নম্বর বাসায় এই ঘটনা ঘটে।
গুলশান এলাকার অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ জানাচ্ছেন, বোমা নিষ্ক্রিয়করণ দলও সেখানে যাচ্ছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির বিস্ফোরণ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
দমকল বিভাগের কর্মকর্তা আবুল কালাম আজাদ বলছেন, ভবনটির কেন্দ্রীয় এসির মেরামত করার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তখন সেখানে থাকা একজন মেরামত কর্মী ঘটনাস্থলেই মারা গেছেন। আহত হয়েছেন আরো অন্তত ৬ জন।
গুলশান-২ নম্বর এলাকায় এম্পোরি ফাইনান্সিয়াল সেন্টার নামে একটি বহুতল ভবনের একটি তলায় ছিল সংযুক্ত আরব আমিরাতের এই ভিসা প্রসেসিং সেন্টারটি। তবে মূল দূতাবাস বা রাষ্ট্রদূতের বাসভবন এই এলাকায় নয়।
ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার গণমাধ্যমকে বলেন, ইম্পেরিয়াল ফিনান্সিয়ালের ১৪তলা ভবনের নিচতলায় আরব আমিরাত অ্যাম্বাসির ভেতরে বিকট শব্দে কাচের জানালা ভেঙে গেছে। ধারণা করা হচ্ছে, এসির বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে বলে তিনি জানান।
ঢাকা মহানগর পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটির জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার জানান, সেখানে কাচ ভেঙ্গে কয়েকজন সামান্য আহত হয়েছে বলে জানা গেছে, যাদের ছয় জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
এমবি





