গাজা উপত্যকায় ইসরাইলি হামলা সম্পর্কে আলোচনার জন্য সোমবার দিনের শেষে বৈঠকে বসছেন আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা।

গাজায় ইসরাইলি হামলার সপ্তম দিন সোমবার পর্যন্ত কমপক্ষে ১৭২ জন ফিলিস্তিনি নিহত ও ১,২৩০ জনেরও বেশি আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোন ইসরাইলির প্রাণহানি ঘটেনি।

সংঘাত বন্ধে ব্যাপক আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যে আরব লীগের এ বৈঠক হচ্ছে। ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরাইলের হামলা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছেন।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রোববার বলা হয়েছে, গ্রিনিচ সময় ১৯ টায় বৈঠক শুরু হবে। বৈঠকের লক্ষ্য হলো-ফিলিস্তিনের বেসামরিক লোকদের রক্তক্ষয় বন্ধের উপায় খোঁজা এবং এ ব্যাপারে অভিন্ন আরব অবস্থান ঠিক করা।

মিশর বিগত অস্ত্রবিরতি চুক্তিগুলোর মধ্যস্থতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সর্বশেষ ২০১২ সালের নভেম্বরে ইসরাইল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতিতে মধ্যস্থতা করে। সূত্র: বিএসএস

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) এমএ